নয়ন দেওয়ানজী।।
স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো কুমিল্লা অঞ্চলে। বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উদ্যোগে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের মূল্যায়ন কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা অঞ্চলের আওতাধীন বিভিন্ন জেলায় একযোগে মোট ৪১টি কেন্দ্রে এ মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হয়, যা আয়োজনের ব্যাপ্তি ও গুরুত্বকে আরও উজ্জ্বল করেছে।
এবারের মূল্যায়নে কাব ও স্কাউট শাখার বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছে। লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাতারসহ বিভিন্ন বিষয়ে পৃথকভাবে পরীক্ষা নেওয়া হয়। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অংশগ্রহণকারীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, ব্যবহারিক জ্ঞান ও শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। সার্বিক ব্যবস্থাপনা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় প্রায় ২০০ জন অভিজ্ঞ স্কাউটার নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোহাম্মদ সাহিদুল ইসলাম, আঞ্চলিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, আঞ্চলিক পরিচালক মোঃ শামীমুল ইসলাম, আঞ্চলিক উপ-কমিশনার (উন্নয়ন) নাজিম উদ্দিন কাউসার এবং সহকারী আঞ্চলিক উপ-কমিশনার আবু মোঃ ছফিউল্লাহ। তাঁদের উপস্থিতি মূল্যায়ন কার্যক্রমে বাড়তি উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করে। দ্বীপ উপজেলা হাতিয়াতেও এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এছাড়াও নারী স্কাউট নেতৃবৃন্দ সক্রিয়ভাবে পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। তাঁদের মধ্যে গার্ল ইন স্কাউটিং প্রতিনিধি ইসমত আরা, সহকারী পরিচালক পুরবী সরকার, সরকারি লিডার ট্রেনার তাছলিমা এবং ইউনিট লিডার ফাতেমা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
আঞ্চলিক নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী ২৮ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণদের চূড়ান্ত ফলাফল ঘোষণা ও অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রম সম্পন্ন করা হবে। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।